ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন।এই ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ছয় বাংলাদেশির বাড়ি নারায়ণগঞ্জের সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকায়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোরে কুইন্সটাউনের একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে আকস্মিক আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের সময় ওই বাংলাদেশিরা দোকানের ভেতরেই ঘুমন্ত অবস্থায় ছিলেন।
কী কারণে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে ইতিমধ্যে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। নিহত ও চিকিৎসাধীন বাংলাদেশিদের নাম ও পূর্ণাঙ্গ পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
amardesh24.com









