স্পোর্টস ডেস্ক।
আজ রাতে ওয়েলসের বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল বিশ্বকাপের পর এটিই দলটির প্রথম ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় দলের কোচ হিসেবে জর্জ জেসুসের অধ্যায়েরও শুরু হচ্ছে।
ওয়েলসের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত একাদশে জায়গা পেয়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের ফিটনেস এবং দলে তার প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন জেসুস।
আল নাসরে দায়িত্ব পালনের সময় হংকংয়ের একটি ম্যাচের উদাহরণ দিয়ে পর্তুগাল কোচ বোঝানোর চেষ্টা করেন, রোনালদো মাঠে থাকলে দর্শকদের মধ্যে কতটা আগ্রহ তৈরি হয়। তার ভাষ্য অনুযায়ী, রোনালদো না থাকায় একটি ম্যাচে স্টেডিয়ামের দর্শকসংখ্যা ছিল খুবই কম। কিন্তু রোনালদো মাঠে নামলেই গ্যালারি পূর্ণ হয়ে যায়।
ওয়েলসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জেসুস বলেন, ‘হংকংয়ের ৫৫ হাজার ধারণক্ষমতার একটি স্টেডিয়ামে রোনালদোকে ছাড়া যখন আমরা ম্যাচ খেলেছিলাম, তখন মাঠে দর্শক হয়েছিল মাত্র ৩ হাজার। কিন্তু যখনই রোনালদো খেলেন, তখন পুরো ৫৫ হাজার আসনের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।’
রোনালদোকে নিয়ে সাংবাদিকদের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন জেসুস। তিনি বলেন, ‘আমি লক্ষ্য করি, আপনারা সাংবাদিকেরা সব সময় ক্রিস্তিয়ানোকে নিয়ে প্রশ্ন করেন-কখন খেলবে? শারীরিকভাবে খেলার মতো প্রস্তুত কি না? ক্রিস্তিয়ানো পর্তুগাল ও জাতীয় দলের একটি প্রতীক। সে ম্যাচ খেলার যোগ্য কি না, সেটি সে ঠিক করে না; কোচই সিদ্ধান্ত নেন।’
রোনালদোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে জেসুস আরও বলেন, ‘আমি তার সঙ্গে পুরো একটি বছর কাটিয়েছি। তাই পর্তুগালের জন্য এই খেলোয়াড়টি কী প্রতিনিধিত্ব করে, তা আমি খুব ভালোভাবে জানি।’
ওয়েলসের বিপক্ষে রোনালদো পুরো ৯০ মিনিট মাঠে থাকবেন কি না, সে বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলেননি জেসুস। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে কিছুটা রসিকতা করে পর্তুগাল কোচ বলেন, ‘আমি সব সময় যা বলি, ম্যাচই সেটা ঠিক করবে। আশা করি, তার কোনো শারীরিক সমস্যা হবে না, সবকিছু ভালোভাবে চলবে এবং সে এক বা দুটি গোল করবে। এরপর আমি সঙ্গে সঙ্গেই তাকে তুলে নেব।’পর্তুগাল ও ওয়েলসের ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে।
amardesh24.com









