ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম প্রিভেনশন (সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, ‘আমার কাছে মনে হয় তাকে (নাসীরুদ্দীন পাটোয়ারী) জিজ্ঞাসাবাদ করা উচিত।
গতকাল শুক্রবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
একটি প্রতিবাদ মিছিল শেষে পাটওয়ারী বলেন, সরকার আমাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনও ককটেল বিস্ফোরণ ঘটবে না।
সাংবাদিকরা যুগ্ম কমিশনারের কাছে জানতে চান, সম্প্রতি যেসব ককটেল বিস্ফোরণ ঘটছে, সেগুলো কি শুধু নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই করছে, নাকি অন্য কেউ জড়িত আছে? এ বিষয়ে তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি এই বক্তব্যটা কেন দিয়েছেন। আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।
এর আগে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে তৈরি করা নয় হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে শ্যামপুর মডেল থানার পুলিশ। গ্রেফতারকৃতের নাম জাহিদ হাসান ইমন (৩০)।
amardesh24.com








