নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম।
চট্টগ্রামের পটিয়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত নিটেক্সপো লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বেতন না দেওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বিক্ষোভ করেছেন।
শ্রমিকদের অভিযোগ, মাসের পর মাস নিয়মিত কাজ করে যাচ্ছি কিন্তু সময়মতো বেতন পাচ্ছেন না তারা। একাধিকবার বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও নির্দিষ্ট তারিখে তা পরিশোধ করা হয়নি। এতে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া এক শ্রমিক বলেন, “আমরা মাসের পর মাস কষ্ট করে কাজ করছি, অথচ বেতনের জন্য রাস্তায় নামতে হচ্ছে। ঘরে খাবার নেই, সন্তানের স্কুল ফি দিতেও হিমশিম খেতে হচ্ছে।”
এ বিষয়ে নিটেক্সপো লিমিটেডের মালিক নওয়াব আলি বলেন, “শ্রমিকদের বেতন আগামী ৩০ তারিখের মধ্যে পরিশোধ করা হবে।”
শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ আগামী ৩০ তারিখের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মস্থল ত্যাগ করে বাড়ি ফিরে যান।উল্লেখ্য, প্রায় ৬ মাস আগে চালু হওয়া এ কারখানায় বর্তমানে প্রায় ৭০০ শ্রমিক কর্মরত রয়েছেন।









