বোয়ালখালীতে দিনদুপুরে আব্দুল নবী (৫০) নামের এক চালককে ধারালো অস্ত্র দিয় এলোপাতাড়ি কুপিয়ে ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নিয়ে গেছে এক দুবৃর্ত্ত।আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার কধুরখীল খোকার দোকান এলাকার এ ঘটেছে।
গুরুতর আহত রিকশা চালক আবদুল নবী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুন্সি পাড়ার নুরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত আবদুর ছবুরের ছেলে। তাকে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.আয়েশা।
তিনি বলেন, ‘দুপুর পৌনে ২টার দিকে আবদুল নবী নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের জখম রয়েছে।’
আহত রিকশা চালক আবুল নবী জানান, এক ব্যক্তি উপজেলা সদর থেকে কধুরখীল লালার দিঘির পাড় যাওয়ার কথা বলে গাড়ি ভাড়া করে। তাকে নিয়ে কধুরখীল খোকার দোকান পার হয়ে যাওয়ার পরপরই ওই ব্যক্তি পিছন থেকে ধারালো ধামা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এর একপর্যায়ে গাড়িটি নিয়ে ওই ব্যক্তি পালিয়ে যায়।
পথচারীরা জানান, এক ব্যক্তি উপজেলা সদর থেকে কধুরখীল লালার দিঘির পাড় যাওয়ার সময়
রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার রিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘ এ বিষয়েএখনো কেউ লিখিত অভিযোগ দেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
amardesh24.com








