কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌযান ডুবে গেছে। এতে বোটে থাকা চালকসহ ১২ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে।আজ শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে কাপ্তাই হ্রদের সুবলং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাঙামাটি সদর থেকে যাত্রী নিয়ে বরকল উপজেলায় যাচ্ছিল যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌযানটি। সুবলং বাজার ঘাটে পৌঁছানোর পর রাঙামাটি থেকে মাইনীমুখের উদ্দেশে ছেড়ে যাওয়া এমএল বিজলি নামের একটি লঞ্চের সঙ্গে নৌযানটি ধাক্কা লাগে। এতে বোটটি মুহূর্তেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক বোটে থাকা সব যাত্রীকে উদ্ধার করা হয়।
সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, বোটডুবির ঘটনা ঘটেছে । বোটে থাকা ১২ জন সব যাত্রীকে স্থানীয়রা নিরাপদে উদ্ধার করেছেন। দ্রুত উদ্ধার করতে পারায় বড় ধরণের কোনী দুর্ঘটনা ঘটেনি। কেউ নিখোঁজ বা আহত হয়নি।
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির লাইন ম্যান বিশ্বজিৎ দে বলেন, বরকলগামী ইঞ্জিনচালিত বোটটি যাত্রী নিয়ে যাচ্ছিল। এসময় সুবলং ঘাটে মাইনীমুখ উদ্দেশ্য ছেড়ে যাওয়া এমএল বিজলি লঞ্চকে অতিক্রম করতে চাইলে লঞ্চের পেছনে সাইডে বোটটি ধাক্কা লেগে বোটটি ডুবে যায়। লঞ্চের কর্মচারী ও স্থানীয়দের সহায়তায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
amardesh24.com









