চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলাকে কেন্দ্র করে আগামী ১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে জোর প্রস্তুতি শুর হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাঁর প্রথম কক্সবাজার সফর, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ১৪ জুন সকালে বিমানযোগে কক্সবাজারে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। ঐতিহাসিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত এ স্থানটি সফরের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
পরবর্তীতে তিনি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। এছাড়া পেকুয়ার সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজ গ্রহণেরও সম্ভাবনা রয়েছে।
সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রধানমন্ত্রী নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক কার্যক্রমের সূচনালগ্নে ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন বলে জানা গেছে। স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ কক্সবাজারের প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
একই দিন বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সূত্র জানায়, সফর শেষে প্রধানমন্ত্রী কক্সবাজারে রাত্রিযাপন করবেন। পরদিন ১৫ জুন স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সফরকে সফল করতে মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। শুক্রবার সকালে ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচির স্থান পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ এনামুল হক, আলহাজ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া ও ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বিএনপির পক্ষ থেকে তাঁকে স্বাগত জানান।
ককক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, “প্রধানমন্ত্রীর এই সফর চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী এলাকার উন্নয়ন পরিকল্পনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয়দের মতে, প্রধানমন্ত্রীর এই সফর শুধু রাজনৈতিকভাবেই নয়, উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও কক্সবাজার জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।
amardesh24.com









