সাহারা মরুভূমির তীব্র দাবদাহ আর পানির অভাবে অন্তত ৪৯ জন যাত্রী তৃষ্ণায় বুক ফেটে মারা গেছে। আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত মরুভূমি এলাকায় গাড়ি বিকল হয়ে যাওয়ার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নাইজার ও আলজেরিয়ার মধ্যকার প্রধান সীমান্ত পারাপার কেন্দ্র আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে মরুভূমির বুকে আটকা পড়েছিলেন তারা। নাইজারের আগাদেজ প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, মারা যাওয়া ব্যক্তিরা মালির একটি ধর্মীয় উৎসব শেষ করে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মরুভূমির অত্যন্ত প্রতিকূল ও বৈরী আবহাওয়ার মধ্যে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে পড়ে। ওই অঞ্চলে তীব্র তাপমাত্রা এবং কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় যাত্রীরা চরম জীবনসংকটে পড়েন। গাড়িটি বিকল হওয়ার পর চালক, তার সহকারী এবং যাত্রীরা মিলে টানা কয়েক দিন ধরে তা মেরামতের চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, একপর্যায়ে তাদের সঙ্গে থাকা পানি শেষ হয়ে গেলে মরুভূমির তীব্র গরমে একে একে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ভয়াবহ বিপর্যয় থেকে অলৌকিকভাবে কেবল দুজন যাত্রী বেঁচে ফেরেন। তারা মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে প্রায় ৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে আসামাকা সীমান্তে পৌঁছান এবং স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
amardesh24.com









