আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৬ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কিন্তু বিশ্বমঞ্চে নামার আগেই আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে বড় উদ্বে। দলের ২ গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস শারীরিক সমস্যায় ভুগছেন। যা কোচ লিওনেল স্ক্যালোনির চিন্তা বাড়িয়েছে কয়েক গুণ।
জানা গেছে, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো চোটজনিত সমস্যায় ভুগছেন। এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। অন্যদিকে, নিকোলাস গঞ্জালেস পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। ফলে বুধবার দলের মূল অনুশীলনের বাইরে আলাদা কাজ করেছেন তারা।
চোটে পড়লেও আপাতত দুজনের কেউই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে নেই। যদিও তালিয়াফিকোর ক্ষেত্রে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সবশেষ হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম একাদশে খেলেছিলেন তালিয়াফিকো। কিন্তু পরবর্তী ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে তিনি বদলি বেঞ্চেও ছিলেন না। বিষয়টি তার শারীরিক অবস্থার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি ডিফেন্ডারের এমন অনুপস্থিতি রক্ষণভাগে চিন্তার ভাঁজ ফেলবে।
amardesh24.com









