এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের মধ্যেও বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষ নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষা প্রশাসন।
আজ মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানান, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলো এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী।
ফেসবুক পোস্টে মাহ্দী আমিন লেখেন, দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ চলমান রয়েছে। বিরূপ আবহাওয়ার মধ্যে কেন এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উদ্বেগ ও প্রশ্ন রয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।
তিনি বলেন, পারিপার্শ্বিক সব পরিস্থিতি বিবেচনায় দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে বর্তমানে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারী বর্ষণের কারণে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দেশের সার্বিক পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পরীক্ষার্থীদের ‘সন্তানতুল্য’ উল্লেখ করে মাহ্দী আমিন লেখেন, তাদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে। জনগণের নির্বাচিত সরকার হিসেবে নিরাপদ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা যেমন সরকারের দায়িত্ব, তেমনি শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রস্তুতির মূল্যায়ন করে যথাসময়ে ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করাও সরকারের দায়িত্ব। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই সরকারের অগ্রাধিকার।
amardesh24.com









