ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা। তবে তিনি উল্লেখযোগ্য ভোট পেলেও শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন। নির্বাচনে উমামা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট।
ভিপি পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
একইভাবে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোট হয়।
ভোটকেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে অধিকাংশ হলে ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে সূর্যসেন হলে ভোটগ্রহণের হার ছিল সর্বোচ্চ ৮৮ শতাংশ।
ভিপি পদে মোট ৪৫ জন প্রার্থী লড়াই করলেও সাদিক কায়েমের বিপুল ভোটের ব্যবধান অন্যদের ছাপিয়ে গেছে। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।









