নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সোনারগাঁও আলফা পরিবহন তল্লাশি করে ২৩ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেসের ১টি স্লিপার বাসে অভিযান চালিয়ে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর দোয়েল বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের শার্শা থানার ভবেরবেড় এলাকার রাকিবুল হাসান (৩০), একই জেলার কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকার মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকার সাইফুল হোসেন (৩৮)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালিয়ে সিটের ভেতর বিশেষ কায়দায় লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ব্যবহৃত বাসটিও জব্দ করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবি ‘ক’ জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ইয়াবা চালানের মূল হোতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন