আমারদেশ২৪ ডেস্ক।
ফুটপাত দখলমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ বুধবার সকাল দশটার থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ডিএসসিসির ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদ কর্মী এবং ৬ প্লাটুন পুলিশের সহায়তায় পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় উচ্ছেদ করা মালামাল ও সরঞ্জামাদি জব্দ করে অভিযান পরিচালনকারী দল।
উচ্ছেদ অভিযান সরাসরি উপস্থিত থেকে পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তা ও ফুটপাত পরিষ্কার এবং দখলমুক্ত রাখার কাজ চলছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারা কেবল সেখানেই বসতে পারবেন। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে এবং মূল রাস্তায় কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।
হকারদের সতর্ক করার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, বিভিন্ন মাধ্যমে সতর্ক করার পাশাপাশি হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু উচ্ছেদের পরও পুনরায় রাস্তা দখল করায় এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। নিয়ম অমান্য করে বসলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। ফুটপাত দখলমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।পথচারীদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সিটি কর্পোরেশন এই কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।
amardesh24.com









