দক্ষিণখান এলাকায় দিনের বেলায় বাসার গ্রিল কেটে ঢুকে সারা রোকসানা পিনু নামের এক নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যার অভিযোগউঠেছে। পরিবারের দাবি, হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে গেছে। এই ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত সারা রোকসানা পিনু কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ভূইয়া বাড়ি এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ডেন্টাল টেকনোলজিস্ট ছিলেন।
পরিবারের সদস্যদের দাবি, বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা বালিশচাপা দিয়ে শ্বাসরোধে সারা রোকসানাকে হত্যা করে। নিহতের ছেলে বলেন, তিনি তখন বাসায় ছিলেন না। পরে এসে দেখেন তাঁর মাকে অতিথি কক্ষে হত্যা করা হয়েছে। গ্রিল কেটে খুনি বাসায় ঢুকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং বাসায় থাকা সব স্বর্ণ ও টাকা নিয়ে গেছে। স্বর্ণালংকারের লোভেই দুর্বৃত্তরা বাসায় ঢুকেছে বলে তাঁদের ধারণা।
পুলিশ জানায়, ঘটনার সময় সারা রোকসানা বাসায় একাই ছিলেন। তাঁর স্বামী প্রতিদিনের মতো অফিসে ছিলেন এবং ছোট মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিব বলেন, সাধারণত স্কুল ছুটির পর নিহত নারী মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতেন। কিন্তু ওই দিন তিনি স্কুলে না যাওয়ায় মেয়ে কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই বাসায় ফিরে আসে। বাসায় এসে পরিস্থিতি দেখে সে আবার স্কুলে ফিরে শিক্ষকের কাছে বিষয়টি জানায়। পরে শিক্ষক তার বাবাকে খবর দেন। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
amardesh24.com









