কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসী হামলায় দুই শ্রমিক নিহতহয়েছেন। হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জেলার কেল্লাম গ্রামে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় ।ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
নিহতদের একজনের নাম দীপক। হাসপাতালে মারা যাওয়া অপর শ্রমিকের নাম ভূপেন্দ্র। তারা দুজনই ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
গত ১০ দিনের মধ্যে এটি জম্মু-কাশ্মীরে এটি দ্বিতীয় সন্ত্রাসী হামলা। এর আগে গত সপ্তাহে আনন্তনাগ জেলায় এক পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত হন।এর প্রেক্ষিতে কাশ্মীরজুড়ে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে তিন হাজারের বেশি সন্দেহভাজনকে আটক করে।
amardesh24.com









