আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি)জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশে মোট ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও বর্তমানে একটি দলের কার্যক্রম স্থগিত রয়েছে। ফলে সক্রিয় ৫৮টি দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।
তিনি বলেন, ১৩টি রাজনৈতিক দল হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করেছে। অন্যদিকে আটটি দল নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগই করেনি। আইন অনুযায়ী এসব দলকে শিগগিরই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে বলে জানান ইসি সচিব।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কয়েকটি সংশোধনী প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবনায় আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা আরও স্পষ্ট করা, দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপিদের বিষয়ে নতুন বিধান যুক্ত করার সুপারিশ রাখা হয়েছে। পরবর্তী পর্যালোচনার জন্য এসব প্রস্তাব শিগগিরই স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।
নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে আখতার আহমেদ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রধানত তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হলো-প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ।
তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত সাধারণত ৪৫ দিন সময় রাখা হয়। এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত করে মুদ্রণের জন্যও প্রায় দেড় মাস সময় প্রয়োজন হয়। সব মিলিয়ে একটি জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অন্তত তিন মাস আগে থেকেই পরিকল্পিত প্রস্তুতি নেওয়া জরুরি।
ইসি সচিব বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমও চলমান রয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির কাজ চলছে।
amardesh24.com









