গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে জামিন দেওয়া হলে পুরো ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারিদিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। ২০১৬ ও ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ১৬ জন নিহতের ঘটনায় তাকে দায়ী করে তার ফাঁসির দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও কওমি ছাত্র ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরে শহরের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে আলেম-ওলামা ও কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোবারকউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৬ ও ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের ওপর হামলা এবং রক্তক্ষয়ী সংঘর্ষে ১৬ জন নিহতের ঘটনায় সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী সরাসরি দায়ী। তারা তার জামিন আবেদন নামঞ্জুর করে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, বিগত সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জনকে হত্যার ঘটনায় মোকতাদির চৌধুরীর ভূমিকা সুষ্ঠুভাবে তদন্ত করে আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। খুনের নির্দেশদাতাকে যদি কোনোভাবে জামিন দেওয়া হয়, তাহলে আমরা পুরো ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেব।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহসভাপতি মুফতি বোরহান উদ্দিন কাসেমী, দপ্তর সম্পাদক বেলাল হোসেনসহ হেফাজতে ইসলাম ও কওমি ছাত্র ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাবেক এই মন্ত্রীর শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
amardesh24.com









