শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান আদালতের নির্ধারিত ২৪ ঘণ্টার সময়সীমা পার হলেও আত্মসমর্পণ করেননিআজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কুমিল্লার আদালতে হাজির হননি বলে নিশ্চিত করেছেন কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান।
এর আগে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাফিজুর রহমানের ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। বিষয়টির পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য রয়েছে।
এর আগে ২ আগস্ট হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান হাফিজুর রহমান। সেই জামিনের ভিত্তিতে ৪ আগস্ট সন্ধ্যায় তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। পরে রাষ্ট্রপক্ষ ওই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে আদালত জামিন স্থগিতের আদেশ দেন।
কুমিল্লা আদালত সূত্র জানিয়েছে, মামলাটি কুমিল্লার আদালতে বিচারাধীন হওয়ায় ধারণা করা হয়েছিল, হাফিজুর রহমান সেখানেই আত্মসমর্পণ করবেন। তবে নির্ধারিত সময়সীমা শেষ হলেও তিনি আদালতে হাজির হননি।
কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান বলেন, গণমাধ্যমের মাধ্যমে জামিন স্থগিতের বিষয়টি জানা গেছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাফিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. তারিকুল ইসলাম জানান, আপিল বিভাগের আদেশের বিষয়টি গণমাধ্যমে দেখেছেন।
তবে এখনো আদালতের আনুষ্ঠানিক আদেশ হাতে পাননি। পাশাপাশি হাফিজুর রহমান আত্মসমর্পণ করেছেন এমন কোনো তথ্যও তাদের কাছে নেই। আদালতের আদেশ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
amardesh24.com









