স্পোর্টস ডেস্ক।
অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল মূল লড়াই শুরু হওয়ার আগেই স্বাগতিক অস্ট্রেলিয়ার একাদশ ও নতুন কৌশল নিয়ে বড় ইঙ্গিত পাওয়া গেছে।
অনুশীলন পর্বের ক্যাচিং পজিশন থেকে অনুমান করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে দুই অলরাউন্ডার বিউ ওয়েবস্টার ও ক্যামেরন গ্রিনকে একসঙ্গে খেলাতে যাচ্ছে অজিরা। অনুশীলনে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির পাশে প্রথম স্লিপে বিউ ওয়েবস্টার, দ্বিতীয় স্লিপে স্টিভ স্মিথ এবং গালিতে ক্যামেরন গ্রিনকে দেখা গেছে।
উসমান খাজার অবসরের পর অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে পরিবর্তন এসেছে। উদ্বোধনী ব্যাটার হিসেবে স্থায়ী হয়েছেন মারকুটে ব্যাটার ট্র্যাভিস হেড, আর তাঁর সঙ্গী হিসেবে নামতে পারেন জেইক ওয়েদারাল্ড। হেড ওপেনিংয়ে ওঠায় ৬ নম্বর পজিশনে ফিরছেন ক্যামেরন গ্রিন এবং অ্যাশেজে ভালো পারফর্ম করা বিউ ওয়েবস্টার খেলতে পারেন ৭ নম্বরে।
অজিদের বোলিং আক্রমণে বড় স্বস্তি এনে দিয়েছেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। চোট কাটিয়ে ব্রিসবেনে ফিটনেসের প্রমাণ দেওয়ায় একাদশে তাঁর থাকা প্রায় নিশ্চিত।
সব মিলিয়ে শক্তিশালী ব্যাটিং ও অলরাউন্ড কম্বিনেশন নিয়েই বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিকরা, যা ডারউইন টেস্টে টাইগারদের জন্য বেশ বড় পরীক্ষার কারণ হতে পারে।
amardesh24.com









