আন্তর্জাতিক ডেস্ক।
বাংলাদেশীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস, কোনো মামলায় গ্রেপ্তার হলে মার্কিন ভিসা বাতিল হয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।আজ শনিবার নিজেদের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
পোস্টে দূতাবাস বলেছে, গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।
এর আগে চলতি মাসে আরেকটি সতর্কবার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, চুরির অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার পাশাপাশি দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য হওয়ার ঝুঁকি রয়েছে।
গত ১০ অক্টোবর দূতাবাসের আনুষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের কারণে ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটিতে আসা সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছে মার্কিন আইন মেনে চলার প্রত্যাশা করে।
amardesh24.com









