ঢাকার কাঁচাবাজারে মাছ ও মাংসের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।আগের চড়া দামেই বিক্রি হচ্ছে এসব পণ্য। তবে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম কমেছে ১০ টাকা।
আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। তবে অন্যান্য মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতি কেজি সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি গরুর মাংস আগের মতোই ৮০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এদিকে মাছের বাজারে অস্থিরতা বজায় রয়েছে। ক্রেতা-বিক্রেতারা জানান, দিনভেদে মান ও আকারের ওপর ভিত্তি করে মাছের দাম ২০ থেকে ৩০ টাকা ওঠানামা করছে। বাজারে প্রতি কেজি চাষের পাঙাশ ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া আকারভেদে রুই ৩০০ থেকে ৫০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের কই ৩০০ টাকা এবং শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মানভেদে দেশি কই, বাইন ও শোল মাছের জন্য কেজিতে ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। আর রূপচাঁদা ও নদীর বেলে মাছের দাম ছাড়িয়েছে হাজার টাকার ঘর।
amardesh24.com









