অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ,প্রথম ২ দিনে টানা ৫ সেশন জুড়ে স্বাগতিকদের ওপর আধিপত্য বজায় রেখেছে সফরকারীরা। দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত ৮৮ রানের লিড তুলে নিয়েছে দলটি। অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করেছে।
চা বিরতির আগের সেশনে ২৭ ওভার ব্যাট করে ১ উইকেটে ১০৫ রান যোগ করে বাংলাদেশ। এই সেশনেই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তরুণ ওপেনার তানজিদ হাসান। চা বিরতিতে যাওয়ার সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৯ রানে এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ২৬ রানে অপরাজিত থাকেন।
এর আগে ১ উইকেটে ৯৬ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল সফরকারীরা। প্রথম সেশনে মুমিনুল হকের ৪৯ রানের বিদায়ের পর মধ্যাহ্নভোজের বিরতির পরই দলকে লিড এনে দেন তানজিদ।
একই সঙ্গে ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার নতুন রেকর্ড গড়েন তিনি। শান্তর সঙ্গে ৯৩ রানের জুটি গড়ার পর ১৯৮ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০১ রান করে সাজঘরে ফেরেন তানজিদ।
amardesh24.com









