স্পোর্টস ডেস্ক।
দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার আগামীকাল শনিবার ম্যাকাইয়ে শুরু হতে যাওয়া ম্যাচের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিজেদের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশের প্রশংসা করেছেন
আজ শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডারউইনে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার ইতিহাসের বড় ব্যর্থতাগুলোর একটি কি না, এমন প্রশ্নের জবাবে কামিন্স বলেন, বিষয়টি দর্শকরাই মূল্যায়ন করবেন। ঘরের মাঠে টেস্ট খেললে সব ম্যাচ জেতার লক্ষ্য থাকলেও সব সময় তা সম্ভব হয় না বলেও জানান তিনি।
কামিন্স বলেন, আগের ম্যাচে অস্ট্রেলিয়া নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিল না। বিপরীতে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে এবং তারা একটি ভালো দল।
অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, ‘আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই ফলটা আমাদের জন্য আদর্শ নয়। তবে চেষ্টা থাকবে বেশি ম্যাচ জেতার।’
ম্যাকাইয়ে দীর্ঘদিন টেস্ট ম্যাচ না হওয়ায় উইকেট ও কন্ডিশনের প্রভাব দুই দলের পারফরম্যান্সে পড়তে পারে বলে মনে করেন কামিন্স। তিনি জানান, অস্ট্রেলিয়া এ দল ও ভারত এ দলের ম্যাচের কিছু দৃশ্য দেখেছেন। সেখানে দীর্ঘ সময় ব্যাটিং করা সম্ভব হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তবে কয়েক বছর আগের সেই ম্যাচের সঙ্গে এবারের উইকেটের পার্থক্য থাকতে পারে বলেও সতর্ক করেন অজি অধিনায়ক।
ম্যাকাইয়ের উইকেট সম্পর্কে এখনই নিশ্চিত কোনো ধারণা নেই কামিন্সের। তিনি বলেন, আবারও উইকেট দেখতে হবে। লাল বলের টেস্ট ম্যাচ হওয়ায় ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। বর্তমানে উইকেট দেখেননি বলেও জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক।
amardesh24.com









