নিজস্ব প্রতিবেদক।
মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শেখ বাদশাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাওকরে বিক্ষোভ করছেন শ্রমিকরা, এ সময় থানার প্রধান ফটকে বাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫ শ্রমিক আহত হয়েছেন।
গতকাল বুধবার রাত ৯টার দিকে নিজ বাসা থেকে শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর তাঁর মুক্তির দাবিতে শ্রমিকরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে কোতোয়ালি থানাও ঘেরাও করে রাখেন তাঁরা।
দিনাজপুর শহরের দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, বটতলী ট্রাক টার্মিনাল ও সাধনার মোড়সহ বিভিন্ন এলাকায় সড়কের ওপর বাস আড়াআড়ি করে রেখে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে দিনাজপুরের সঙ্গে আন্তজেলা বিভিন্ন রুট এবং ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এ ছাড়া দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীরবন্দরসহ কয়েকটি স্থানেও ব্যারিকেড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোতোয়ালি থানার প্রধান ফটকের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, শেখ বাদশার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তিনি এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী বলেন, আটক শেখ বাদশাকে আদালতে সোপর্দ করা হবে।
amardesh24.com









