ঢাকার প্রধান সড়কগুলোতে যানজট ও দুর্ঘটনা নিরসনে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।একই সঙ্গে এসব যানবাহন নিয়ন্ত্রণে একটি নতুন নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে।
রোববার এই তথ্য নিশ্চিত করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কিংবা সরকারি পলিটেকনিকের অনুমোদিত নকশা এবং ট্রাফিক ফিটনেস সনদ ছাড়া কোনো ই-রিকশার লাইসেন্স প্রদান করা হবে না। এছাড়া চার্জিং পয়েন্টগুলোর লাইসেন্স দেবে সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভা।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নীতিমালার খসড়া তৈরি শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং সম্পন্ন হওয়ার এক থেকে দুই সপ্তাহের মধ্যে নীতিমালাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
নতুন এই পরিকল্পনা অনুযায়ী, বুয়েট বা বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নকশা অনুসরণে নির্মিত যানবাহন তৈরির প্রতিষ্ঠানগুলোকেও সিটি করপোরেশন বা পৌরসভার অধীনে নিবন্ধিত হতে হবে।
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে রাজধানী উত্তর ও দক্ষিণে মোট ৮টি জোন (উত্তরে ৪টি ও দক্ষিণে ৪টি) নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি জোনের রিকশার রঙ আলাদা হবে এবং এক জোনের ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না বলে জানান প্রতিমন্ত্রী।
amardesh24.com









