১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনাহয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রস্তাবিত কর্মীদের মধ্যে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী থাকবেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবীসহ মোট ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে দেশটির আগ্রহের কথা জানানো হয়েছে।
তিনি জানান, আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। ওই সফরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। এরপর কর্মী পাঠানোর প্রক্রিয়া ও অন্যান্য বিষয় চূড়ান্ত করা হতে পারে।
শামা ওবায়েদ বলেন, আগের সরকারের সময়ে বিভিন্ন কারণে ওমানের নিয়মিত ভিসা কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমান সরকার কূটনৈতিক যোগাযোগ জোরদারের মাধ্যমে দেশটির ভিসা কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দক্ষ জনশক্তি তৈরি ও বিদেশে কর্মী পাঠানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত দক্ষ কর্মীদের বিদেশের শ্রমবাজারে পাঠানোর ক্ষেত্রে ওমানও আগ্রহ দেখিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে বাংলাদেশিদের ভিসা জটিলতার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অনেক বাংলাদেশি রাস্তায় নেমে আন্দোলনে অংশ নিয়েছিলেন। দেশটির আইনে এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় দুই শতাধিক বাংলাদেশিকে কারাগারে যেতে হয়েছিল। পরে সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় তাদের মুক্ত করা সম্ভব হয়েছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হওয়ার কারণে জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধানে বাংলাদেশ সরকার কাজ করছে বলেও জানান তিনি।শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে পাকিস্তান ও নেপালসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গেও বাংলাদেশ সমন্বয় করে কাজ করছে।
amardesh24.com









