দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে,এতে নদীর ২ পাড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
আজ বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জিরো পয়েন্ট থেকে ক্যানালঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। প্রচণ্ড গরম ও দীর্ঘ সময় অপেক্ষায় আটকে থেকে যাত্রী, বৃদ্ধ ও শিশুরা ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে পচনশীল পণ্যবাহী ট্রাকচালকেরা আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো, সালাউদ্দিন জানান, বহরে থাকা ১৭টি ফেরির মধ্যে তীব্র স্রোতের কারণে সবকটি চালু রাখা ঝুঁকিপূর্ণ। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আপাতত সাতটি ফেরি দিয়ে পর্যায়ক্রমে পারাপার চালানো হচ্ছে। নদীর স্রোত কমলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
amardesh24.com









