আন্তর্জাতিক ডেস্ক।
কঙ্গো প্রজাতন্ত্রের বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাবু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ২৪ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় কয়েকজন প্রাপ্তবয়স্কেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে আহত শিশুদের হাসপাতালের মেঝেতে যন্ত্রণায় কাতরাতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে আগুনে ক্ষতিগ্রস্ত শিশুদের নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
অগ্নিকাণ্ডে স্কুল দুটির আশপাশের প্রায় ৩০০টি বাড়িও পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।
সাউথ কিভু প্রদেশের রাজধানী বুকাবু গণতান্ত্রিক কঙ্গোর অন্যতম জনবহুল পাহাড়ি শহর। গত বছরের ফেব্রুয়ারিতে এম২৩ বিদ্রোহীরা শহরটি দখলে নেয়। বর্তমানে শহরটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
amardesh24.com









