রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তারুণ্যের সম্মিলিত শক্তি এবং দৃঢ় ইচ্ছাশক্তিই পারে দেশের সামগ্রিক চিত্র বদলে দিয়ে অর্থবহ পরিবর্তন আনতে আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সূচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারুণ্যের শক্তির ওপর আস্থা
উদ্বোধনী বক্তব্যে দেশের বিশাল তরুণ গোষ্ঠীর ওপর গভীর আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, যদি একটি দেশের এত বড়ো যুবসমাজ পরিবর্তন চায়, তবে তা বাস্তবায়ন করা অসম্ভব কিছু নয়। আমাদের তরুণ প্রজন্ম ২০২৪ সালের ৫ আগস্ট বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা পরিবর্তন আনতে সক্ষম। যুবসমাজই সেদিন থেকে পরিবর্তনের সূচনা করেছিল।
রাষ্ট্র নির্মাণের সার্বিক প্রক্রিয়ায় তরুণ প্রজন্মকে সরাসরি যুক্ত হওয়ার জোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমি তরুণদের সামনে এগিয়ে এসে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনে অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আগামী তিন মাস আমাদের সবাইকে মিলে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। আমরা হয়ত শতভাগ সফল হতে পারব না, তবে অন্তত ৮০ শতাংশ লক্ষ্য অর্জন করা আমাদের পক্ষে সম্ভব।
স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ
প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন নিবন্ধিত ও অনিবন্ধিত সেবামূলক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের এই অভিযানে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ২৩ লাখ স্কাউট এবং ২২ হাজার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্য রয়েছে। এছাড়া উচ্চবিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় ১.৫ কোটি এবং প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা মিলিয়ে দেশের মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ২.৫ কোটি।
অনলাইনে যুক্ত থাকা সারাদেশের জেলা-উপজেলার প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, আজ প্রায় সব জেলা অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছে। গার্ল গাইডস, বিএনসিসি, স্কাউটস, স্বেচ্ছাসেবক এবং সাধারণ শিক্ষার্থী- আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমাদের একটাই লক্ষ্য-এই দেশকে নতুন করে গড়ে তোলা।
amardesh24.com









