নিউজ ডেস্ক।
আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরকালে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরা হবে।আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সফরের মূল লক্ষ্য বহুপক্ষীয় এই ফোরামে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা। সফরকালে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হতে পারে। তবে কোন নেতার সঙ্গে কখন বৈঠক হবে, তা আগাম নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বড় আন্তর্জাতিক সম্মেলনে নেতাদের কর্মসূচিতে শেষ মুহূর্তেও পরিবর্তন আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সময় যেসব বৈঠক চূড়ান্ত হবে, সেগুলোর বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।
রোহিঙ্গা সংকট নিয়েও জাতিসংঘে একটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা নিয়ে সাইডলাইন বৈঠকের আয়োজন করবে বাংলাদেশ। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়।
ভারতের সঙ্গে বাংলাদেশের বৈঠক হবে না- এমন আলোচনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বহুপক্ষীয় ফোরামে গিয়ে কারও সঙ্গে বৈঠক হবে না- এমন কথা তিনি বলেননি। যেখানে সুযোগ ও প্রয়োজন থাকবে, সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ ও বৈঠক হবে।
amardesh24.com









