ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ইসলামপুর এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টের ছাউনি, নিরাপত্তা দেয়াল ও ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এসময় বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফিলিং স্টেশনে থাকা কয়েকটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়।
ফিলিং স্টেশনের কর্মকর্তা ও স্থানীয়রা জানান, বেলা সোয়া ১টার দিকে হঠাৎ গ্যাস প্ল্যান্টের ভেতরে সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটে। এতে প্ল্যান্টের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায় এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।বিস্ফোরণের সময় গ্যাস নিতে কয়েকটি অটোরিকশা সেখানে অবস্থান করছিল। সেগুলোর কয়েকটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এসময় অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হন।
amardesh24.com









