ঢাকার হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী, আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান, শপথ অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী। ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে ২০০৭ সালে হাইকোর্ট এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বড় ছেলে।
অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পরও নির্ধারিত ৪৫ বছর বয়স পূর্ণ না হওয়ায় তাকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি করা হয়নি। পরবর্তীতে নির্ধারিত বয়সসীমা পূর্ণ হওয়ায় এবার তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।দেবাশীষ রায় চৌধুরীর শপথের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জন।
amardesh24.com









