রাজধানীর নগর পরিবহনে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন ভাড়া অনুযায়ী কালশী (মিরপুর-১২) থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত ২৮ দশমিক ৮ কিলোমিটার পথে সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৮ টাকা। এ রুটে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে নগর ও দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি কালশী থেকে কাঁচপুর ব্রিজ রুটের নতুন ভাড়ার চার্ট প্রকাশ করেছে।
নতুন চার্ট অনুযায়ী, কালশী থেকে মিরপুর-১২ পর্যন্ত ২ দশমিক ২ কিলোমিটার পথের ভাড়া ১০ টাকা। মিরপুর-১০ পর্যন্ত ৪ দশমিক ৭ কিলোমিটারে ১৩ টাকা, কাজীপাড়া পর্যন্ত ৬ দশমিক ১ কিলোমিটারে ১৬ টাকা এবং শেওড়াপাড়া পর্যন্ত ৬ দশমিক ৮ কিলোমিটারে ১৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
কালশী থেকে ফার্মগেট পর্যন্ত ১১ দশমিক ৪ কিলোমিটার পথে ভাড়া ৩১ টাকা। শাহবাগ পর্যন্ত ১৩ দশমিক ৭ কিলোমিটারে ৩৭ টাকা, পল্টন পর্যন্ত ১৫ দশমিক ৬ কিলোমিটারে ৪২ টাকা এবং গুলিস্তান পর্যন্ত ১৬ দশমিক ৬ কিলোমিটারে ৪৫ টাকা দিতে হবে।
এ ছাড়া টিকাটুলি পর্যন্ত ১৭ দশমিক ৮ কিলোমিটারে ভাড়া ৪৮ টাকা, সায়েদাবাদ পর্যন্ত ১৮ দশমিক ৯ কিলোমিটারে ৫১ টাকা এবং যাত্রাবাড়ী পর্যন্ত ১৯ দশমিক ৯ কিলোমিটারে ৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। কালশী থেকে সাইনবোর্ড পর্যন্ত ২৪ দশমিক ৮ কিলোমিটার পথে ভাড়া ৬৭ টাকা।আর পুরো ২৮ দশমিক ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কালশী থেকে কাঁচপুর ব্রিজ যেতে যাত্রীদের দিতে হবে ৭৮ টাকা।
নতুন চার্টে প্রতি যাত্রী কিলোমিটারপ্রতি ভাড়া ধরা হয়েছে ২ টাকা ৭০ পয়সা। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ধরে চার্টটি প্রস্তুত করা হয়েছে। ফলে নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। তবে গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এই ভাড়ার হার প্রযোজ্য হবে না বলে চার্টে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা।
গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার জ্বালানি তেলের দাম নতুন করে বাড়ায় আবারও বাসভাড়া সমন্বয় করা হলো।এর সঙ্গে বিভিন্ন সেতু ও সড়কের টোল যুক্ত হলে নির্দিষ্ট কিছু রুটে যাত্রীদের মোট ভ্রমণ ব্যয় আরও বাড়তে পারে।
amardesh24.com









