আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী কার্যালয় ও প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। এতে অন্তত ৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন, তবে হামলার সময় প্রধানমন্ত্রীসহ সরকারের অন্য মন্ত্রীরা নিরাপদে ছিলেন বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী।বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রাসাদে হামলার কথা প্রথমে জানায় হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম। তাদের দাবি, প্রাসাদের একটি সামরিক অভিযান পরিচালনাকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি বিবিসিকে জানান, প্রাসাদটিতে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন হতাহত হলেও প্রধানমন্ত্রী ও সরকারের অন্যান্য মন্ত্রী অক্ষত রয়েছেন।
ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাতের মধ্যে এ হামলার ঘটনা ঘটল। হুতিদের নিয়ন্ত্রিত রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় সৌদি জোটের বিমান হামলার পর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে সৌদি আরবের বিমানবন্দর, তেল-গ্যাস স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।
গত ১০ অক্টোবর রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আবহা ও দাম্মাম বিমানবন্দর এবং দাহরানে সৌদি আরামকোর কার্যালয়েও হামলার খবর পাওয়া গেছে।
amardesh24.com









