সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ। এ উপলক্ষে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে নানা আয়োজন। লালনের দর্শন, গান ও মানবতাবাদী চিন্তাকে স্মরণ করতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে সমবেত হবেন সাধু, বাউল-সাধক, ভক্ত, গবেষক ও দর্শনার্থীরা।
দিবসটি উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘লালন স্মরণানুষ্ঠান’। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্ম সচিব ও মহাপরিচালক মোহা. হারুন-অর-রশীদ। আলোচনা শেষে পরিবেশিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অন্যদিকে, লালনের নিজ গ্রাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্মরণোৎসব, ১৯ অক্টোবর পর্যন্ত চলা এ আয়োজনে লালনের মানবতাবাদী দর্শন, জাত-ধর্মের বিভেদ অতিক্রম করে মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা এবং বাংলার লোকসংস্কৃতিতে তার অবদান তুলে ধরা হবে। লালনভক্তরা নিজস্ব রীতি ও আচার অনুসরণ করে সাধনা, গান ও স্মরণপর্বে অংশ নেবেন। পাশাপাশি থাকবে নানা আনুষ্ঠানিক আয়োজন।
amardesh24.com









