শেরেবাংলা নগরে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আজ রোববার মন্ত্রিসভায় উঠতে পারে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিকেল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব। এ সময় বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরা হবে।
রাজধানীর আব্দুল গণি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় স্থানান্তরের আলোচনা দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে বিষয়টি আবারও আলোচনায় এসেছে। বর্তমান সচিবালয়ের জায়গায় নিম্ন আদালতের কার্যক্রম শুরুর প্রস্তাব রয়েছে। অন্যদিকে, সচিবালয় আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে।
সম্প্রতি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদেই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তর করা হবে।
মন্ত্রী বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে। অনুমোদনের জন্য বিষয়টি আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা সিদ্ধান্ত দিলে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, সচিবালয় স্থানান্তরের বিষয়ে অতীতে একটি মহাপরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী নীতিগত কাজ ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছিল। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হবে। অনুমোদন পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।
জাকারিয়া বলেন, বর্তমান সচিবালয়ে প্রায়ই গাড়ি পার্কিং ও জায়গার সংকটের কারণে জটিলতা তৈরি হচ্ছে। অনেক মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রাখতে হচ্ছে। এ ছাড়া সচিবালয়ের অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় সেগুলো বেশ পুরোনো হয়ে গেছে।
তিনি আরও বলেন, ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে এসব ভবনের মেরামত এবং স্থায়ী বিকল্প খোঁজা জরুরি হয়ে পড়েছে। সব দিক বিবেচনা করেই বর্তমান সরকারের মেয়াদে সচিবালয় আগারগাঁওয়ের নতুন স্থানে পুরোপুরি স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছার কথা উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে বর্তমান সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ ও স্থানান্তরের প্রাথমিক এবং মূল কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
amardesh24.com









