স্পোর্টস ডেস্ক।
প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার দলের এমন দাপুটে জয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, জিম্বাবুয়ের শক্তির রহস্য কী? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন দলটির অধিনায়ক।
ব্যাটিং ও বোলিংয়ে ক্রিকেটারদের আত্মবিশ্বাসই জিম্বাবুয়েকে শক্ত অবস্থানে রেখেছে বলে মনে করেন রাজা। তিনি বলেন, ‘দলের ঐক্য এবং সংস্কৃতিতে আমাদের শক্তি আছে। সবার সামর্থ্যের ওপর আমাদের পুরো বিশ্বাস রয়েছে। যে কারও হাতে বল থাকলেই তারা বিশ্বাস করে, তারা দলের জন্য কাজটা করে দিতে পারবে। ব্যাট হাতে আমরা বিশ্বাস করি যেকোনো জায়গা থেকে দলকে জেতাতে পারব। এসবের মাঝেই আমাদের শক্তি। জিম্বাবুয়ের শক্তি হচ্ছে এখানে ছেলেরা দক্ষতায় পূর্ণ। আমাদের মাঝে ঐক্য ও সংস্কৃতিটাও ভালো আছে।’
পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে জিতলে বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ সহজ হবে। এ বিষয়ে রাজা বলেন, ‘(হাসি) এই ম্যাচটার ধকল কাটিয়ে উঠি। ৩০ ঘণ্টার মতো বাকি আছে আরও। ইনশাআল্লাহ আমরা (আফগানিস্তান ম্যাচেও) নিজেদের সেরাটা দিব এবং দেখা যাক কী হয়।’
দর্শকদের সমর্থন নিয়েও কথা বলেছেন এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘পুরো বিশ্বের সব সমর্থককে ধন্যবাদ দিতে চাই আমি। যেখানেই যাই, সেখানেই জিম্বাবুয়ানরা থাকলে মাঠে সমর্থন দিতে চলে আসে। তারা আমাদের দেখেই অনেক খুশি হয়। দারুণ শক্তি নিয়ে আসে তারা। আমাদের পরিবার এবং বন্ধুরাও আমাদের বড় সমর্থক। আশা করি সামনেও তারা আমাদের সমর্থন দিতে আসবে।
amardesh24.com









