সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম। একই সময়ে বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। ফলে এ সময়ে ব্যাংকিং সেবা ও শেয়ার কেনাবেচা বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।
ছুটির আগে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখা হয়েছিল। ওই দিন সাধারণ কর্মদিবসের মতোই ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়।
দুর্গাপূজার ছুটিতে সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে সেবা চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বন্দর ও শুল্ক এলাকায় আমদানি-রপ্তানি সংক্রান্ত জরুরি কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। ছুটি শেষে নির্ধারিত কর্মদিবসে ব্যাংকিং কার্যক্রম ও শেয়ারবাজারের লেনদেন আবারও স্বাভাবিক নিয়মে শুরু হবে।
amardesh24.com









