সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি মোটরসাইকেলের নকশা বিবেচনায় একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষমতাও পেয়েছে সংস্থাটি। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
গতকাল রোববার প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।নতুন সংশোধনী অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগের পদ্ধতির পাশাপাশি নম্বরটি একটি আনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ।
এ ছাড়া মোটরসাইকেলের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের রেজিস্ট্রেশন চিহ্ন বিভিন্ন দৈর্ঘ্য ও প্রস্থের বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটে প্রদর্শনের অনুমোদন দিতে পারবে সংস্থাটি।
সংশোধিত বিধিমালায় সামনের নম্বরপ্লেটের বিভিন্ন বিষয় নির্ধারণের ক্ষমতাও বিআরটিএকে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি বোঝাতে ব্যবহৃত অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশের ফাঁকা জায়গা, দুটি সংখ্যার মধ্যবর্তী ব্যবধান এবং দ্বিতীয় লাইনের সংখ্যাগুলোর মাঝখানে ব্যবহৃত হাইফেনের দৈর্ঘ্য।
একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রেও নতুন সুযোগ রাখা হয়েছে। এ পদ্ধতিতে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহার করা যাবে।প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা জারির পর থেকেই কার্যকর হয়েছে।
amardesh24.com









