আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। সব মিলিয়ে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান-চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে। ধানের সংগ্রহমূল্য প্রতি কেজি ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
প্রসঙ্গত, গত বছর সরকার প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে সংগ্রহ করেছিল। সে সময় ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল কেনা হয়েছিল।
খাদ্যমন্ত্রী জানান, আগামী ২৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। চাল সংগ্রহ কার্যক্রমও ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুত, সরকারি বিতরণ এবং খাদ্যশস্য আমদানি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনি ইশতেহার ২০২৬-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের জন্য কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলা।
আফরোজা খানম রিতা বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাকেই এ সংগ্রহ অভিযানের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।
amardesh24.com









