ডামি নির্বাচনের মাধ্যমে ১৭ বছরে গণতন্ত্রকে সম্পূর্ণ ভূলুণ্ঠিত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা দেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রার নতুন সূচনা করেছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক রূপ। বাংলাদেশের মানুষ বারবার ত্যাগের মাধ্যমে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম পরিচালনা করেছে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ভোটাধিকার হরণের মাধ্যমে দেশে চরম শাসনতান্ত্রিক সংকট তৈরি করা হয়েছিল। তবে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার বলেন, স্বাধীনতা অর্জনের ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের প্রধান ভিত্তি। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা ব্যতিরেকে কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে জাতীয় সংসদকে জবাবদিহিতা ও সার্বভৌমত্বের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
amardesh24.com









