চন্দ্রগঞ্জে দ্রুতগতির যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও ১ জন নারী এ দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জন।
নিহতদের মধ্যে রয়েছেন জেলার চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা মানছুরা বেগম ও বাবুল। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এতে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহত বৃদ্ধ আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগমকে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছেন। যাত্রীরা তাঁকে গতি কমানোর অনুরোধ করলেও তিনি তা শোনেননি। একপর্যায়ে ঘটনাস্থলে বাসটি উল্টে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে উল্টে পড়ে। বাসটির গতি ছিল বেপরোয়া। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় ৩ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে, আহত অবস্থায় এসেছেন অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায়পাঠানো হয়েছে।
amardesh24.com









