আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ নিরাপত্তা টহল ও নিবিড় তদারকি পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সম্ভাব্য ঝুঁকি এড়াতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ শুরু থেকেই অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। নগরীর সাধারণ মানুষের জীবনযাত্রা ও নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসনের এই নজরদারি ও মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে।
১৬ নভেম্বর, সোমবার রাতে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা-এর নেতৃত্বে বাকলিয়া সার্কেলের আওতাধীন কোর্ট বিল্ডিং, সার্কিট হাউস এবং ডিসি হিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল দেওয়া হয় এবং নিরাপত্তা কাজে নিয়োজিত কর্মীদের জরুরি নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ-এর নেতৃত্বে নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সদরঘাট, দেওয়ানহাট, ডাবলমুরিং এবং বন্দর থানাধীন এলাকাসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে তদারকি করা হয়। পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক-এর নেতৃত্বে পতেঙ্গা সার্কেলের সীমানাধীন পতেঙ্গা, ইপিজেড এবং বন্দর থানাধীন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাসমূহে বিশেষ তদারকি চালানো হয়।
পাশাপাশি চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন-এর নেতৃত্বে পাঁচলাইশ এলাকার ফ্লাইওভার, মুরাদপুর, বহদ্দারহাট এবং চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্পনগরী এলাকায় যৌথভাবে এই টহল পরিচালিত হয়।
উক্ত টহল ও তদারকি কার্যকালে সংশ্লিষ্ট সার্কেল ও এলাকাসমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে পরিলক্ষিত হয়েছে। কোথাও কোনো ধরনের অসঙ্গতি বা বিশৃঙ্খলার সন্ধান পাওয়া যায়নি।
নগরবাসীর সার্বিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা-এর সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসনের এই সজাগ দৃষ্টি ও বিশেষ নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
amardesh24.com








