আমারদেশ২৪ডেস্ক:
সোমবার , ৩০ জুন, ২০২৫
চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। গত রাত থেকে শুরু হয়েছে রপ্তানিমুখী পণ্য বোঝাই কন্টেনার জাহাজিকরণের কার্যক্রম। তবে আমদানি পণ্য বোঝাই কন্টেনার খালাসের কাজ শুরুর ব্যাপারে আজ সোমবার সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।
এনবিআরের শাটডাউন কর্মসূচির কারণে মুখ থুবড়ে পড়া দেশের ১৯টি বেসরকারি আইসিডিতেও গতকাল রোববার রাত থেকে কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম কাস্টমসের উপ–কমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, এনবিআরের ডাকা কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সন্ধ্যা থেকে রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল (আজ) থেকে পুরোদমে কাজ চলবে।
সংশ্লিষ্টরা বলছেন, গত দুদিনে আটকা পড়া অন্তত ৪ হাজার টিইইউএস রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার জাহাজিকরণ করে স্বাভাবিক গতি আনতে কয়েকদিন সময় লাগবে। তবে এসব পণ্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়ে গেছে। রপ্তানি পণ্যগুলো গত দুদিনে জাহাজিকরণ হওয়ার কথা ছিল।
কথা ছিল এসব পণ্য নিয়ে জাহাজ সিঙ্গাপুর বা কলম্বো গিয়ে ইউরোপ–আমেরিকামুখী মাদার ভ্যাসেল ধরবে। অথচ এনবিআরের শাটডাউনের ফলে পণ্যগুলো মাদার ভ্যাসেল শেষ পর্যন্ত পাবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। মাদার ভ্যাসেল ধরতে না পারলে এসব পণ্য শেষ পর্যন্ত ক্রেতারা নেবেন কিনা তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ী–শিল্পপতিরা।









