কাজী জাহাঙ্গীর : চট্রগ্রাম।
লালখান বাজার, মুরাদপুর ফ্লাইওভারের উপর দিনের আলোতে ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাক ছিনিয়ে নেয়া হয়েছে। ছিনতাইকারীদের হামলায় তিনি আহত হন। গতকাল দুপুরে ফ্লাইওভারের ওয়াসা মোড়ের সন্নিকটে এ ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে, টেরিবাজারের ফয়সাল এন্টারপ্রাইজের মালিক নুর হোসেন গতকাল বেলা ১২টা নাগাদ দোকান থেকে নগদ ছয় লাখ টাকা নিয়ে একটি সিএনজিচালিত টেক্সি নিয়ে বায়েজিদ বোস্তামী যাচ্ছিলেন। হাজারীগলির মুখ থেকে নেয়া টেক্সিটি লালখান বাজারে গিয়ে ফ্লাইওভারে উঠে। ওয়াসা মোড়ের একটু আগে টেক্সিচালক গাড়ি থামায় এবং একটি যন্ত্র ডিস্টার্ব করছে বলে নুর হোসেনকে দুই মিনিট টেক্সিতে অপেক্ষা করতে বলেন। টেক্সিচালক গাড়ি থেকে নেমে পেছনের ইঞ্জিনের দিকে এটা ওটা নাড়াতে থাকেন। এই সময় হঠাৎ করে মোটরসাইকেল আরোহী ৬/৭জন যুবক এসে অস্ত্রের মুখে নুর হোসেনের সব টাকা কেড়ে নেয় এবং তাকে মারধর করে টেঙি থেকে ফেলে দিয়ে দ্রুত চলে যায়।
ঘটনার ব্যাপারে খুলশী থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বলেছে, তারা টেক্সিটির হদিশ বের করতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা নিচ্ছেন, তবে গতরাত পর্যন্ত কোন হদিশ মেলেনি। ঘটনার ব্যাপারে থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান জানিয়েছেন।
ব্যবসায়ী নুর গতরাতে জানান, একেবারে হুট করে কয়েকজন আমাকে বেধড়ক মারধর করে টাকাগুলো কেড়ে নেয় এবং টেক্সি থেকে ফেলে দিয়ে চম্পট দেয়। বেধড়ক মারধর করায় তিনি অসুস্থ বোধ করছেন বলেও জানান। ব্যবসায়ী নুর হোসেনের বাড়ি সাতকানিয়ায়।
আমারদেশ২৪ নিউজ।








