শেষ ৩২ সব ম্যাচ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। কলম্বিয়া-ঘানা ম্যাচের পরই নিশ্চিত হয় নকআউট পর্বের সূচি। শেষ ষোলোতে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর, আর ব্রাজিল লড়বে নরওয়ের বিপক্ষে।
কলম্বিয়া-ঘানা ম্যাচের চেয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নজর ছিল মায়ামিতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-কেপ ভার্দে লড়াইয়ে। রুদ্ধশ্বাস এই ম্যাচে নবাগত কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ বত্রিশের বাধা পেরিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর কয়েক ঘণ্টা আগে শেষ হওয়া অস্ট্রেলিয়া-মিসর ম্যাচে জয় পাওয়া মিসরই শেষ ষোলোতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হয়েছে।
অঘটন আর রুদ্ধশ্বাস লড়াইয়ে জমে উঠেছে এবারের বিশ্বকাপের নকআউট পর্ব। শেষ বত্রিশে জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া-মিসর ম্যাচের ফল নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। এর মধ্যে জার্মানির বিদায় নিশ্চিত করে প্যারাগুয়ের শেষ ষোলোয় ওঠা টুর্নামেন্টের অন্যতম বড় চমক। শেষ বত্রিশের পর্দা নামার পর বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে কানাডা-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হবে শেষ ষোলোর লড়াই। এরপর রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মাঠে নামবে ফ্রান্স ও প্যারাগুয়ে।
amardesh24.com








