বগালেক ভিউ পয়েন্ট বান্দরবান এলাকার পাহাড়ি খাদ থেকে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামের দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছ পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামির ভোলার বোরহানউদ্দিন উপজেলার জহির উদ্দিনের ছেলে। রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ পোস্তা এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছয়টি মোটরসাইকেলে করে ১০ জন পর্যটক বান্দরবানের উদ্দেশে রওনা হন। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা রুমা উপজেলার বগালেক এলাকায় পৌঁছে একটি কটেজে ওঠেন। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে তারা সবাই মিলে বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন পর্যটক কটেজে ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে একটি মোটরসাইকেল নিয়ে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান।
পরবর্তীতে তাদের ফিরে আসতে না দেখে সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন গভীর পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
amardesh24.com









