নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব অর্পণ করেছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্র তারেক রহমানের ওপর।গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়নের আলোচনার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের আগামী দিনের কর্মপন্থা ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে সালাহউদ্দিন আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
amardesh24.com









