জ্বালানি তেলের দাম কমে আসা এবং মার্কিন ডলারের মান দুর্বল হওয়ায় সোনার দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার প্রত্যাশাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
আজ সোমবার স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৫২ দশমিক ৯৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ পর্যায়ে রাখার আশঙ্কাও আগের তুলনায় হ্রাস পেয়েছে, যা সোনার বাজারের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্তাউনুভো বলেন, বাজার আবার আগের ধারায় ফিরতে শুরু করেছে। তার ভাষ্য, অপরিশোধিত তেলের দাম কমলে সাধারণত সোনার দাম বাড়ে। কারণ এতে সুদের হার বাড়ানোর চাপ কমে আসে এবং সোনায় বিনিয়োগের আগ্রহ বৃদ্ধি পায়।
বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের উচ্চ মূল্য সাধারণত মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ায় এবং সুদের হার দীর্ঘ সময় বেশি থাকার আশঙ্কা তৈরি করে। এতে নির্দিষ্ট কোনো লভ্যাংশ না দেওয়া সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়। তবে বর্তমান পরিস্থিতিতে সেই চাপ কমে যাওয়ায় সোনার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে বৈদেশিক মুদ্রাবাজারে ইয়েনকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর মার্কিন ডলারের মান প্রায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ডলারের এই দুর্বলতাও আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে।
অন্য মূল্যবান ধাতুর মধ্যেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ৭৭ ডলার, প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩০ দশমিক ৭৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৬৩ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছে।
অন্যদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
amardesh24.com









