২৫০টি চীনা নির্মিত এসএইচ-১৫ ট্রাকচালিত হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান এর মাধ্যমে দেশটি নিজেদের আর্টিলারি সক্ষমতায় বড় ধরনের শক্তিবৃদ্ধি করেছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনী উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভারতের সঙ্গে পূর্ব সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে ধাপে ধাপে ১৫৫ মিলিমিটার ক্যালিবারের এই আর্টিলারি ব্যবস্থা মোতায়েন শুরু করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এটিকে পাকিস্তানের অন্যতম বড় আর্টিলারি আধুনিকায়ন হিসেবে দেখা হচ্ছে। ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই অভিযানে নিয়ন্ত্রণরেখা (এলওসি) ও পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল ভারত।
চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো নির্মিত এসএইচ-১৫ মূলত চীনা সেনাবাহিনীর পিসিএল-১৮১ স্বচালিত হাউইটজারের রপ্তানি সংস্করণ। সাঁজোয়া ট্রাক চেসিসে স্থাপিত এই আর্টিলারি ব্যবস্থা দ্রুত মোতায়েন ও অবস্থান পরিবর্তনের জন্য তৈরি করা হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই হাউইটজার দুর্গম এলাকাতেও দ্রুত অবস্থান বদলাতে পারে।
১৫৫ মিলিমিটার ও ৫২-ক্যালিবারের এই কামান থেকে ছোড়া সাধারণ ন্যাটো মানের গোলার পাল্লা ৩০ থেকে ৪০ কিলোমিটার। আর রকেট সহায়ক ভি-ল্যাপ গোলা ব্যবহার করলে ৫৩ থেকে ৭২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে পারে। এতে স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল ব্যবস্থা ও হাইড্রোলিক স্ট্যাবিলাইজার রয়েছে। ফলে এটি দ্রুত অবস্থান নিয়ে প্রতি মিনিটে সর্বোচ্চ ছয়টি গোলা ছুড়তে পারে এবং পাল্টা গোলাবর্ষণের আগেই স্থান পরিবর্তন করতে সক্ষম।
amardesh24.com









